এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩৯ ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ১০৩ জন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ। তাঁর বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে।
বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে। এ বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০৩ জন। এছাড়া বরিশালে ২২৬, খুলনায় ১৬৬, চট্টগ্রামে ১২৭, ময়মনসিংহে ৮৮, রাজশাহীতে ৫৯, রংপুরে ২৯ এবং সিলেট বিভাগে ৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪৯৭ জন।
মৃত ৪০ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, তাদের মধ্যে নারী ২৩ জন, যা মোট মৃত্যুর ৫৭ দশমিক ৫ শতাংশ। আর পুরুষের সংখ্যা ১৭ জন, যা ৪২ দশমিক ৫ শতাংশ।
ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪ জন, উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৬ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও খুলনায় পাঁচজন করে, চট্টগ্রামে চারজন, বরিশালে তিনজন এবং রাজশাহী ও রংপুরে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

