দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭২৫ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে দুইজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশে নতুন করে ১৭০ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে করে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় টিকাদান কার্যক্রম, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

