দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮২৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজন রয়েছেন।
এদিকে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১০৫ জন। ফলে চলতি বছরে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জনে পৌঁছেছে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।

