গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৭১ জন রোগী। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ২৪০ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
চলতি বছরের ৬ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮০ জনে। এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৫৪০ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৮১ জন রোগী।

