দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ শিশুর মৃত্যু হওয়ায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৭৫টি শিশু, আর সরাসরি হাম রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮টি শিশু।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯৮৮ জন রোগী। এতে করে চলতি বছরে দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে।
একই সময়ে গবেষণাগারে পরীক্ষা করে ৭৫টি শিশুর শরীরে সরাসরি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে পরীক্ষায় নিশ্চিত হওয়া মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।

