দেশে হাম সংক্রমণের প্রকোপ এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার ফলে এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০ জনে। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ২৫ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮৯০ জনের, যাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৯১ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৭৬ জনে, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী, যাদের মধ্যে ইতিমধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।

