দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষায় ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই ঢাকার। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। অর্থাৎ হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৩৮ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৩ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১৪৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এ সময়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা অব্যাহতভাবে বাড়তে থাকায় দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

