দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩০৫ জন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে এক হাজার ২২১ জন। এর সঙ্গে ৮৪ জন নিশ্চিত রোগী যুক্ত হয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে।
গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা এক লাখ ৮১ হাজার ৩৫ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৬৪৬ জন।
একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৫৯ হাজার ৮০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।
মৃত্যুর হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৬২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ওই সময়ের ছয়টি মৃত্যুই হাম উপসর্গে।

