দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ২৫৬ জন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১৪৮ জনের। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

