দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২২ জনে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যু ঘটে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০ জন। আর পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য নেই। উপসর্গে যে আটজন মারা গেছেন, তাঁরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।
অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে বয়সভিত্তিক তথ্য থাকে না। রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরাই বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হয়, তার সবই হামে মৃত্যু হিসেবে গণ্য করা হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭।
একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

