দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে। আজ রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মোট মৃতের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০২ জন। বাকি ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছেন, তাঁদের মধ্যে দুজনই ঢাকার। শনিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩০০ রোগী ভর্তি হয়েছেন।
বিভাগওয়ারি হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৯৬ জন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৭৮ জন এবং সিলেট বিভাগে ১৩১ জন। বরিশাল বিভাগে ১২৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৭৫ জন ও রংপুর বিভাগে ৬৪ জন ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক কম, ১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন।

