দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৭৩ জনের হামের সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
রোববার (১১ অক্টোবর) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম এবং হামসদৃশ উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।
একই সময়ে দেশে হাম আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা শক্তিশালী করা জরুরি।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ায় এবং টিকা না নেওয়া জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।

