সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ে ১ হাজার ৩১৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫৮ এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।
প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২০৪ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৭ হাজার ৪২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। অন্যজন বরিশাল বিভাগের। নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

