দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আজ বুধবারের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রাণহানি ও সংক্রমণ, দুটোই অব্যাহত থাকায় রোগটি নিয়ে উদ্বেগ কমছে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি দুজনের একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৭৭ জন। এ সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮। এই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। সন্দেহজনক হামে এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৬৪ জন। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫২০ জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন।
মার্চ থেকে শুরু হওয়া এই সংক্রমণ আট মাসের বেশি সময় ধরে চলছে। দৈনিক শনাক্তের সংখ্যা এখনো এক হাজারের ওপরে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলা যাচ্ছে না। হাম প্রতিরোধযোগ্য রোগ হলেও টিকাদানে ঘাটতি বা সচেতনতার অভাব থাকলে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। তাই স্বাস্থ্যবিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর জোর দিয়ে থাকেন।

