দেশের মানুষের চোখের স্বাস্থ্যসেবা উন্নত করতে আগামী পাঁচ বছরে ১৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার। এ অর্থের মাধ্যমে দেশজুড়ে প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চোখের চিকিৎসার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিনা মূল্যে ১০ লাখ মানুষের ছানি অস্ত্রোপচার এবং ১ কোটি মানুষের মধ্যে চশমা বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব চোখের স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ, গায়ানা, আয়ারল্যান্ড ও নাইজেরিয়া সহ-আয়োজক হিসেবে অংশ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় আন্তর্জাতিক সংস্থা আইএপিবি সম্মেলনটি আয়োজন করে।
বিশ্বজুড়ে প্রতিরোধযোগ্য অন্ধত্ব ও দৃষ্টিশক্তির সমস্যা কমাতে বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সংস্থা, নাগরিক সংগঠন এবং বেসরকারি প্রতিষ্ঠান সম্মেলনে একাধিক উদ্যোগের ঘোষণা দেয়।
চোখের চিকিৎসা পৌঁছাবে ২ কোটি মানুষের কাছে
বাংলাদেশে প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন বিপুলসংখ্যক মানুষ। বিশেষ করে ছানি, দৃষ্টিশক্তির দুর্বলতা এবং প্রয়োজনীয় চশমার অভাবে অনেক মানুষ শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে বাধার মুখে পড়ছেন।
সরকারের নতুন বিনিয়োগ পরিকল্পনার আওতায় প্রাথমিক চোখের চিকিৎসা প্রায় ২ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ১০ লাখ বিনা মূল্যের ছানি অস্ত্রোপচার এবং ১ কোটি জোড়া চশমা বিতরণ করা হবে।
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ। এত বড় জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত চোখের চিকিৎসা নিশ্চিত করা দেশের সামগ্রিক স্বাস্থ্য ও উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের প্রত্যেক নাগরিকের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব থেকে সুরক্ষা নিশ্চিত করা সরকারের জাতীয় অঙ্গীকার। জাতীয় স্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে অন্ধত্ব ও দৃষ্টিশক্তিজনিত রোগ প্রতিরোধ, চিকিৎসা এবং প্রয়োজনীয় সেবা সম্প্রসারণে কাজ করা হবে। এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় করা হবে।
চোখের চিকিৎসায় বিনিয়োগে বড় অর্থনৈতিক সম্ভাবনা
চোখের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ শুধু চিকিৎসার সুযোগ বাড়ায় না, অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সংস্থা আইএপিবির ভিশন অ্যাটলাসে প্রকাশিত ‘ভ্যালু অব ভিশন’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে চোখের স্বাস্থ্যসেবায় প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করা হলে প্রায় ২৩১ কোটি ডলারের অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব।
এই বিনিয়োগের ফলে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি কমার পাশাপাশি শিক্ষার ফলাফল উন্নত হবে এবং কর্মক্ষমতা বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০৩০ সালের মধ্যে ৭৫ লাখ মানুষের দৃষ্টিশক্তি সংশোধনের লক্ষ্য
বাংলাদেশে চোখের চিকিৎসাসেবা সম্প্রসারণে কাজ করছে আন্তর্জাতিক সংস্থা ভিশনস্প্রিং। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সহজে দৃষ্টিশক্তি পরীক্ষার সুযোগ এবং সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উদ্যোগ পরিচালনা করছে।
ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন বলেন, চশমা কোনো বিলাসপণ্য নয়; বরং মানুষের জীবিকা, স্বনির্ভরতা ও জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ উপকরণ।
তিনি জানান, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ দিয়ে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে চশমা পৌঁছে দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি।
আগামী দিনে পোশাক কারখানা, আন্তর্জাতিক ব্র্যান্ড এবং পরিবহন শ্রমিকদের সংগঠনের সঙ্গে অংশীদারত্ব বাড়িয়ে পোশাকশ্রমিক ও পরিবহনকর্মীদের কাছে চোখের সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভিশনস্প্রিংয়ের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ৭৫ লাখ মানুষের দৃষ্টিশক্তির সমস্যা চশমার মাধ্যমে সংশোধন করা। এ উদ্যোগ তাদের বৈশ্বিক কর্মসূচিরও অংশ, যার মাধ্যমে বিশ্বজুড়ে আরও ২ কোটি মানুষের কাছে চোখের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।
চোখের রোগ নিয়ে উদ্বেগজনক তথ্য
বাংলাদেশে চোখের রোগের বিস্তার নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি দেশব্যাপী গবেষণায় দেখা গেছে, ৩৫ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে গ্লুকোমার হার ৩ দশমিক ২ শতাংশ।
অন্যদিকে, টিএইচআরআইভি পরীক্ষায় দেখা গেছে, যেসব কর্মীকে কাছের কাজের জন্য প্রয়োজনীয় পড়ার চশমা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যম মাসিক আয় ৩৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
গবেষণার এসব ফলাফল চোখের চিকিৎসার সঙ্গে মানুষের কর্মক্ষমতা ও অর্থনৈতিক সক্ষমতার সরাসরি সম্পর্ক তুলে ধরে। বিশেষ করে নারী ও মেয়েশিশুরা যাতে সমানভাবে চোখের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিশ্বজুড়ে চোখের স্বাস্থ্য নিয়ে নতুন অঙ্গীকার
বিশ্ব চোখের স্বাস্থ্য সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন সহযোগী এবং স্বাস্থ্য খাতের নেতারা প্রতিরোধযোগ্য অন্ধত্ব দূর করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক সংস্থা আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড বলেন, চোখের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এত বিপুলসংখ্যক সরকার, প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিনিধির একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়া বৈশ্বিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তাঁর মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কোটি কোটি মানুষ শিক্ষা গ্রহণ, কর্মসংস্থান ধরে রাখা, পরিবারের দায়িত্ব পালন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশের ১৩ কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের চোখের চিকিৎসাব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এ উদ্যোগের সফলতা নির্ভর করবে প্রত্যন্ত অঞ্চলে সেবার বিস্তার, প্রশিক্ষিত জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং নারী-পুরুষ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর।

