দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারটি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঘটা এসব মৃত্যুর সবই ঢাকা বিভাগে। তবে একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে শুক্রবার পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারা দেশে ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে। একই সময়ে ১ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ২৪১ জন।
গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে ২ লাখ ৩৬ হাজার ৭১৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৯৪ জন। উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগ ছাড়া দেশের অন্য কোনো বিভাগে হামের উপসর্গে মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
প্রায় আট মাসে হাজারের বেশি মৃত্যু এবং প্রতিদিন হাজারের বেশি নতুন রোগী শনাক্তের চিত্র বলছে, সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। শিশুর জ্বর, গায়ে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি টিকা না নেওয়া শিশুদের দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা।

