দেশে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।
এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেল। অর্থাৎ বর্ষা মৌসুম শেষের দিকে এসেও সংক্রমণের তীব্রতা কমছে না, বরং মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে।
প্রতিদিন দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার চিত্র বলছে, সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। এতে হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে। জ্বর, শরীরব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বাড়ির আশপাশে এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

