দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৫৮০ জন।
গত ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
নভেম্বরের মাঝামাঝি সময়েও প্রতিদিন দেড় হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতির উন্নতি কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

