ঢাকা ও চট্টগ্রামের দুটি সরকারি ডায়ালাইসিস সেন্টারে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। সরকারি ডায়ালাইসিস ব্যবস্থার রূপান্তরকালে কিডনি রোগীদের চিকিৎসা যেন ঝুঁকির মুখে না পড়ে, সেই মানবিক বিবেচনাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিজস্ব সক্ষমতায় ফিরিয়ে আনতে সরকার নতুন ডায়ালাইসিস মেশিন সংগ্রহের কাজ শুরু করেছে। তবে মেশিনের সঠিক ক্যাটাগরি নির্ধারণ এবং সেগুলো মাঠপর্যায়ে পুরোপুরি সচল করতে আরও কিছু সময় লাগতে পারে।
মন্ত্রীর ভাষ্য, এই মধ্যবর্তী সময়ে ঢাকা ও চট্টগ্রামের কেন্দ্রগুলোতে নিয়মিত ডায়ালাইসিস নেওয়া শত শত দরিদ্র রোগীর চিকিৎসা যেন একদিনের জন্যও ব্যাহত না হয়, সেটি বিবেচনা করেই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। রোগীদের চিকিৎসা সুরক্ষা ঝুঁকিমুক্ত রাখাই এই মুহূর্তে সরকারের মূল অগ্রাধিকার বলে তিনি জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নতুন সরকারি ডায়ালাইসিস ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত রোগীরা আগের নিয়মেই স্যান্ডর সেন্টারে কম খরচে সেবা পাবেন। চিকিৎসাসেবা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা আতঙ্কে না পড়ার আহ্বানও জানান তিনি।
তবে মাঠপর্যায়ে বিষয়টি এখনো আনুষ্ঠানিক রূপ পায়নি বলে ইঙ্গিত মিলেছে। স্যান্ডর চট্টগ্রামের জিএম (অ্যাডমিন) নাজমুল হাসান বলেন, ছয় মাস মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তবে সরকারের পক্ষ থেকে এখনো তাঁরা কোনো চিঠি পাননি।
২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর ভারতের স্যান্ডর মেডিকেইডসের সঙ্গে ১০ বছর মেয়াদি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি করে। চলতি বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (নিকডু) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই দুটি সেন্টারের ওপর ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৫০০ কিডনি রোগী সম্পূর্ণ নির্ভরশীল। হঠাৎ চুক্তি শেষ হয়ে গেলে রোগীরা বিপাকে পড়বেন, এমন আশঙ্কায় সম্প্রতি ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা নিরবচ্ছিন্ন সেবা চালু রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেন এবং আবেদন জানান।
এই সিদ্ধান্তে আপাতত রোগীদের উদ্বেগ কিছুটা কমলেও আসল চ্যালেঞ্জ থেকে যাচ্ছে সময়মতো বিকল্প ব্যবস্থা দাঁড় করানোয়। ছয় মাসের মধ্যে নতুন মেশিন সংগ্রহ, স্থাপন এবং প্রশিক্ষিত জনবল নিশ্চিত করা গেলেই কেবল রোগীরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। এ ক্ষেত্রে ব্যর্থ হলে মেয়াদ শেষে একই সংকট আবার ফিরে আসার আশঙ্কা থাকবে। পাশাপাশি চুক্তি বাড়ানোর আনুষ্ঠানিক চিঠি দ্রুত পাঠানো না হলে মাঠপর্যায়ে বিভ্রান্তিও তৈরি হতে পারে।

