বিনা মূল্যে সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। ফলে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে না। পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেবাটি বন্ধ করে দেওয়া হয়। কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই সেবা বন্ধ হওয়ায় বিশেষ করে দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞরা।
সরকারের এই সেবা পরিচালনা করত বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। ১২ নভেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে জানান, ১৬২৬৩–এর কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিন সন্ধ্যাতেই সেবাটি বন্ধ করা হয়।
শনিবার বিকেলে ১৬২৬৩ নম্বরে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। রাত ৮টা ৩৬ মিনিটে সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩–এ ফোন করা হলে জানানো হয়, শুধু ১৬২৬৩ থেকেই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কলটি তখন ১৬২৬৩ নম্বরে স্থানান্তর করা হলে জানানো হয়, সেবাটি বন্ধ আছে।
স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। শুরু থেকেই পরিচালনার দায়িত্বে ছিল সিনেসিস আইটি। সেখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। তাঁরা টেলিহেলথ সেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত ছিলেন। ফলে মানুষ দিনে-রাতে যেকোনো সময় ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ পেতেন।
সেবাটি মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে করোনা মহামারির সময়। ২০২০ সালে সংক্রমণের ভয়ে মানুষ হাসপাতালে যেতে সাহস পেতেন না। তখন সারা দেশের মানুষের ভরসার নম্বর হয়ে ওঠে ১৬২৬৩। জ্বর হলে কী করতে হবে, শ্বাসকষ্টে কী করণীয়, কোথায় করোনা পরীক্ষা করানো যাবে, কোথায় অ্যাম্বুলেন্স মিলবে, এসব জানতে ফোন আসত। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বরে এ নম্বরে কল এসেছিল ১ কোটি ২৬ লাখ।
মহামারির পর কলের সংখ্যা কমলেও চাহিদা শেষ হয়নি। সিনেসিস আইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট কল এসেছে ১১ লাখ ২৩ হাজার ৩৮টি। অর্থাৎ এই সময়ে গড়ে প্রতিদিন ছয় হাজার ১৩৭টির মতো কল ছিল। প্রতিষ্ঠানটির দাবি, শুরু থেকে এ পর্যন্ত তারা প্রায় তিন কোটি কলের উত্তর দিয়েছে।
এই নম্বরে ফোন করলে একজন ব্যক্তি সমস্যার কথা বলতেন, রোগের উপসর্গ বর্ণনা করতেন, চিকিৎসকেরা রোগের ইতিহাস জানতে চাইতেন। কথোপকথন রেকর্ড হতো। চিকিৎসক মৌখিক পরামর্শ দিতেন, কিছু ক্ষেত্রে ই–প্রেসক্রিপশনও পাঠানো হতো। স্বাস্থ্য সমস্যার ধরন বুঝে বিশেষায়িত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হতো।
কাগজপত্রে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সিনেসিস আইটির চুক্তির মেয়াদ শেষ হয় ১০ নভেম্বর। চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তা বাড়ায়নি।
কেন সেবা বন্ধ হলো, এ প্রশ্নে সোহরাব আহমেদ চৌধুরীর ভাষ্য, স্বাস্থ্য বিভাগ চায়নি বলেই সেবাটি বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কাজে সমন্বয়হীনতার কারণে নতুন কোনো চুক্তি হয়নি বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ অধিদপ্তরের কাছে প্রতিষ্ঠানটির ১৬ কোটি টাকা পাওনা আছে। সেই অর্থ পরিশোধে কারও কারও অনাগ্রহ রয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বকেয়া আছে। প্রতিষ্ঠানটি বকেয়া অর্থ চেয়েছে। বিষয়টি দেখতে একটি কমিটি করা হয়েছে। সচিব আশা প্রকাশ করেন, সেবাটি খুব শিগগির আবার চালু হবে। তবে কবে নাগাদ চালু হবে, তার নির্দিষ্ট সময় তিনি জানাননি।
স্বাস্থ্য বাতায়ন বন্ধ হওয়াকে দুঃখজনক বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে–নজির আহমেদ। তিনি বলেন, সব সেবা হাসপাতালে দেওয়া যায় না। টেলিমেডিসিন সেবার সুযোগ এখন বাড়ছে এবং বিশ্বও সেদিকেই এগোচ্ছে। এমন সময়ে বিকল্প ব্যবস্থা না রেখে সেবা বন্ধ করা কিছু মানুষের জন্য ক্ষতিকর, বিশেষ করে দরিদ্রদের জন্য।
১১ বছরের বেশি সময় ধরে মানুষ এই টেলিহেলথ সেবা পেয়েছে। এই মুহূর্তে দেশে এমন বিকল্প কোনো সরকারি সেবা নেই। প্রত্যন্ত এলাকার মানুষ, রাতে হঠাৎ অসুস্থ হওয়া রোগী কিংবা হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই এমন পরিবারের কাছে ফোনে চিকিৎসকের পরামর্শ ছিল সহজ ও বিনা খরচের ভরসা। সেই পথ এখন বন্ধ।
বকেয়া বিল, চুক্তি নবায়ন না হওয়া এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়হীনতার অভিযোগ মিলিয়ে বিষয়টি প্রশাসনিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে। এর খেসারত দিতে হচ্ছে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষকে। এখন দেখার বিষয়, গঠিত কমিটি কত দ্রুত বকেয়া নিষ্পত্তি করে সেবাটি আবার চালুর পথ তৈরি করতে পারে।

