সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬১৫ জন রোগী। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫৫ জন ঢাকা বিভাগের। এর পরের অবস্থানে চট্টগ্রাম বিভাগ, সেখানে ভর্তি হয়েছেন ৩১১ জন। বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন ২১৩ জন, খুলনা বিভাগে ১৯০ জন এবং রাজশাহী বিভাগে ১১৫ জন। রংপুর বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৫১০ জনের মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর পর্যন্ত এ বছর মোট ১ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬২ হাজার ৮০৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী।
নভেম্বরের শেষ দিকে এসেও দৈনিক ভর্তির সংখ্যা দেড় হাজারের বেশি থাকায় ডেঙ্গুর সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ঢাকা বিভাগে রোগীর চাপ সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা মশা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

