ভোলা শহরের আস-সুন্নাহ জেনারেল হাসপাতালে এক নারী পরিচ্ছন্নতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বিরুদ্ধে। ভুক্তভোগী আমেনা বেগম (৪৮) এ বিষয়ে ভোলা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বাংলা স্কুল মোড়ের ওই হাসপাতালে ঘটনাটি ঘটে। আমেনা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চর পোটকা এলাকার বাসিন্দা। এক বছরের বেশি সময় ধরে তিনি হাসপাতালটিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। অভিযোগে ডা. সুরাইয়া ইয়াসনূর ও নাজমা বেগমের নাম উল্লেখ করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগে আমেনা জানান, ঘটনার দিন তিনি সিজারিয়ান ওয়ার্ডের অপারেশন থিয়েটারে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। তখন নাজমা বেগম এক রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য প্রস্তুত হতে বললে রোগীর স্বজনেরা স্বাভাবিক প্রসবের কথা তোলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাজমা বেগম চিকিৎসক সুরাইয়া ইয়াসনূরের কাছে আমেনার বিরুদ্ধে অভিযোগ করেন।
আমেনার ভাষ্য, এরপর তাকে অন্য একটি অপারেশন থিয়েটারে ডেকে নেওয়া হয়। সেখানে ক্ষিপ্ত হয়ে ডা. সুরাইয়া তাকে মারধর শুরু করেন। তার অভিযোগ, মোবাইল ফোন দিয়ে মাথা ও ডান চোখে আঘাত করা হয়, এ ছাড়া কিল, ঘুষি ও লাথি মারা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি দুই দিন চিকিৎসা নেন।
গণমাধ্যমকে আমেনা বলেন, তিনি রোগীকে কিছুই বলেননি, এ কথা জানানোর সঙ্গে সঙ্গেই তাকে দেয়ালে ঠেলে ধরে মারধর করা হয়। এতে তার কপাল ফুলে গেছে এবং হাতে দাগ পড়েছে। তিনি বলেন, কোনো অপরাধ করে থাকলে ম্যানেজার বা মালিকের কাছে বিচার দেওয়া যেত, গায়ে হাত তোলার অধিকার কারও নেই। নিজেকে গরিব ও স্বামীহীন উল্লেখ করে তিনি জানান, মাথাব্যথায় এখনো উঠে দাঁড়াতে পারেন না। তিনি ন্যায্য বিচার চান। তার অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিচার চাইলেও কার্যকর সাড়া পাননি।
অভিযুক্ত চিকিৎসক ডা. সুরাইয়া ইয়াসনূরের বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের ম্যানেজার মেহেদি হাসান নবাব অভিযোগ অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং তাদের কাছে সিসিটিভি রেকর্ডসহ সব প্রমাণ আছে। তার দাবি, হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট উপপরিদর্শক বিষয়টি তদন্ত করছেন।

