শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদ্রোগীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ ঠান্ডা আবহাওয়ায় শরীরের স্বাভাবিক কিছু পরিবর্তন হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। রক্তনালি সংকুচিত হওয়ায় রক্তচাপ বেড়ে যায়, হৃদযন্ত্রকে রক্ত সঞ্চালনে বেশি পরিশ্রম করতে হয়। পাশাপাশি রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়তে পারে। এসব কারণে শীতকালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে যাঁদের আগে থেকেই হৃদ্রোগ রয়েছে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঠান্ডায় শরীরের তাপমাত্রা ধরে রাখতে ত্বকের কাছাকাছি রক্তনালিগুলো সংকুচিত হয়। চিকিৎসাবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় ভ্যাসোকনস্ট্রিকশন। এর ফলে রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়তে পারে। হৃদযন্ত্রকে শরীরের বিভিন্ন অংশে রক্ত পৌঁছে দিতে বাড়তি পরিশ্রম করতে হয়। আগে থেকে করোনারি ধমনিতে সংকোচন বা ব্লক থাকলে এই অতিরিক্ত চাপ বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঠান্ডায় রক্তের ঘনত্ব ও জমাট বাঁধার প্রবণতায় পরিবর্তনও দেখা দিতে পারে, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
শীতকালে শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং খাদ্যাভ্যাসে পরিবর্তনও হৃদ্স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ঠান্ডার কারণে অনেকে হাঁটাচলা ও ব্যায়াম কমিয়ে দেন। অন্যদিকে উৎসব, দাওয়াত ও ভ্রমণে অতিরিক্ত লবণ, চর্বি ও ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এসব অভ্যাস রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ কঠিন করে তুলতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান এবং আগে থেকে হৃদ্রোগের ইতিহাস থাকলে ঝুঁকি আরও বেশি।
যেসব লক্ষণ অবহেলা করবেন না
হার্ট অ্যাটাকের সবচেয়ে পরিচিত লক্ষণ বুকের মাঝখানে চাপ, ভারী ভাব বা ব্যথা। কয়েক মিনিট ধরে এমন অস্বস্তি থাকতে পারে, আবার কমে গিয়ে ফিরে আসতে পারে। ব্যথা এক বা দুই হাত, কাঁধ, পিঠ, ঘাড় কিংবা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব, মাথা ঘোরা ও অস্বাভাবিক দুর্বলতাও দেখা দিতে পারে।
তবে সবার ক্ষেত্রে লক্ষণ এক রকম হয় না। বিশেষ করে নারী, বয়স্ক ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে তীব্র বুকব্যথা ছাড়াও শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, বদহজমের মতো অস্বস্তি কিংবা পিঠ ও চোয়ালে ব্যথা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, এসব লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। হার্ট অ্যাটাকের চিকিৎসায় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শীতেও সুস্থ রাখতে হবে হৃদযন্ত্র
হৃদ্রোগের ঝুঁকি কমাতে শীতেও শরীর সচল রাখা জরুরি। বাইরে ঠান্ডা বেশি থাকলে ঘরের ভেতর হালকা হাঁটাচলা বা ব্যায়াম করা যেতে পারে। তবে হঠাৎ ভারী শারীরিক পরিশ্রম বা অতিরিক্ত ব্যায়াম এড়িয়ে চলা উচিত। বাইরে বের হলে পর্যাপ্ত গরম পোশাক পরা, মাথা ও হাত-পা ঢেকে রাখা এবং শরীর শুকনো রাখা প্রয়োজন।
পাশাপাশি রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা এবং নিয়ন্ত্রণে রাখা জরুরি। চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত সেবন করতে হবে। ধূমপান এড়িয়ে চলা, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার কমানো এবং মৌসুমি শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাসও হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষ করে আগে থেকে হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের শীতে নিজের শারীরিক অবস্থার পরিবর্তনের দিকে বাড়তি নজর রাখা প্রয়োজন।

