দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমাদাবি পরিশোধের উদ্যোগের চতুর্থ ধাপে আগামীকাল রোববার ৫ হাজার ৯৭২ জন পলিসিধারী মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পাচ্ছেন। পাঁচটি বিমা প্রতিষ্ঠানের গ্রাহকদের অনুকূলে এ অর্থ ছাড় করা হবে বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নিয়ন্ত্রক সংস্থাটির মতে, এর মাধ্যমে দীর্ঘদিন অনিষ্পন্ন থাকা বৈধ বিমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগ আরও এক ধাপ এগোবে।
আইডিআরএর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে বেশি অর্থ পাবেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিধারীরা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৭৪ জন গ্রাহক পাবেন ৮ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ জন গ্রাহক পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন পলিসিধারী পাবেন ৫ কোটি টাকা। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন গ্রাহক পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ জন পলিসিধারী পাবেন ৭ লাখ টাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তির লক্ষ্যে ধারাবাহিকভাবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিত করার পাশাপাশি খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে সংস্থাটি। গ্রাহকের স্বার্থ সুরক্ষা ও বিমা খাতের টেকসই উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইডিআরএ। সব মিলিয়ে ধাপে ধাপে দাবি পরিশোধের এই উদ্যোগ বিমা খাতে হারানো আস্থা ফেরাতে কতটা ভূমিকা রাখে, সেদিকেই এখন নজর থাকবে।

