মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নির্দিষ্ট কিছু দেশের জন্য ‘সেফ প্যাসেজ’ বা নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, এই জলপথটি পুরোপুরি বন্ধ নয়, বরং শুধু ইরানের ‘শত্রু দেশগুলোর’ জন্য এটি অবরুদ্ধ থাকবে।
শুক্রবার (২০ মার্চ) জাপানের কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা প্রণালিটি বন্ধ করিনি। আমাদের দৃষ্টিতে এটি উন্মুক্ত। এটি কেবল আমাদের শত্রু এবং যারা আমাদের আক্রমণ করছে, তাদের জাহাজের জন্য বন্ধ।’
তিনি আরো বলেন, নিরাপদে চলাচলের জন্য বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনে ‘সেফ প্যাসেজ’ দেওয়ার জন্য তেহরান প্রস্তুত।

