ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে এক নতুন নাটকীয় মোড় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, আমেরিকা ইরানে তাদের সামরিক তৎপরতা “গুটিয়ে নেওয়ার” কথা ভাবছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট
তবে একই সময়ে হাজার হাজার মার্কিন মেরিন সেনা ওই অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় হোয়াইট হাউসের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, পারস্য উপসাগরের তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এখন অন্যান্য দেশকেও নিতে হবে। বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “হরমুজ প্রণালী পাহারা দেওয়ার দায়িত্ব সেইসব দেশকেই নিতে হবে যারা এটি ব্যবহার করে—যুক্তরাষ্ট্রের এটি করার প্রয়োজন নেই!”
তিনি আরও যোগ করেন যে, মিত্রদেশগুলোর জন্য এটি একটি সহজ সামরিক অভিযান হবে। মূলত ইউরোপীয় এবং এশীয় মিত্ররা যারা এই অঞ্চলের তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল, তাদের ওপর যুদ্ধের ব্যয় ও দায়িত্ব চাপিয়ে দিতেই ট্রাম্পের এই কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিতরে সেনাশক্তি বৃদ্ধি, বাইরে পিছুটান
ট্রাম্পের মুখে যুদ্ধ ত্যাগের কথা শোনা গেলেও পেন্টাগনের কর্মকাণ্ড বলছে ভিন্ন কথা। বর্তমানে প্রায় কয়েক হাজার প্যারাসুটার বা ছত্রীসেনা মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করে রাখা হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রায় ৪,৫০০ মেরিন ও নাবিককে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।সান ডিয়াগো থেকে ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকেও দ্রুত রওনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, যদি শেষ পর্যন্ত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে উপকূলীয় অঞ্চল দখলের প্রয়োজন হয়, তবে এই মেরিন ইউনিটগুলোই উভচর আক্রমণের নেতৃত্ব দেবে।
জ্বালানির মূল্য ও অভ্যন্তরীণ রাজনীতি
আমেরিকায় গত এক মাসে তেলের দাম প্রায় ৩৩ শতাংশ বেড়েছে (গ্যালন প্রতি প্রায় ১ ডলার)। সামনেই মধ্যবর্তী নির্বাচন, আর এমন পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি ট্রাম্পের নিজের দলের মধ্যেই বিভক্তি ও অস্বস্তি তৈরি করেছে। মিত্রদেশগুলো এই যুদ্ধে যোগ দিতে দেরি করায় ট্রাম্প তাদের তীব্র সমালোচনা করে ন্যাটোকে “কাগুজে বাঘ” এবং “কাপুরুষ” বলে আখ্যা দিয়েছেন।
আমেরিকা ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গেলেও তেহরান এখনও অনড়। তারা হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ প্রায় বন্ধ করে দিয়েছে। এছাড়া জুন মাসে মার্কিন বিমান হামলায় ভূগর্ভস্থ ইউরেনিয়াম স্তূপের কী অবস্থা হয়েছে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, পেন্টাগনের এই সামরিক প্রস্তুতি মূলত প্রেসিডেন্টের হাতে সব ধরনের বিকল্প খোলা রাখার জন্য। তবে ট্রাম্প এখনই সরাসরি স্থল যুদ্ধের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

