জর্ডানের রাজধানী আম্মানের একটি বাণিজ্যিক এলাকায় ভিক্ষাবৃত্তির সময় এক নারীকে আটক করেছে কর্তৃপক্ষ। তল্লাশিতে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ লাখ টাকার সমান।
গত বুধবার জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষের তথ্যমতে, নারীটি দীর্ঘদিন ধরে নিয়মিত ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ছিলেন এবং প্রতিদিনের আয় জমিয়ে তা বিভিন্ন বিদেশি মুদ্রায় রূপান্তর করতেন। এভাবেই তাঁর কাছে জমা হয়েছিল এই বিপুল অঙ্কের অর্থ। তবে তিনি কত বছর ধরে এই কাজ করছিলেন বা তাঁর জাতীয়তা কী, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। আইনি প্রক্রিয়ার জন্য তাঁকে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, রাস্তার ভিক্ষুকদের সরাসরি অর্থ না দিয়ে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে সাহায্য করতে। মন্ত্রণালয় সতর্ক করেছে, কিছু ভিক্ষুক অসুস্থতা বা আর্থিক সংকটের মিথ্যা গল্প বলে মানুষের সহানুভূতি কাজে লাগান। সন্দেহজনক ভিক্ষাবৃত্তি দেখলে কর্তৃপক্ষকে জানানোরও পরামর্শ দেওয়া হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।

