মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের রণতরীটি বর্তমানে মালাক্কা প্রণালি অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ত্যাগ করে। মালাক্কা প্রণালি হয়ে ভারত মহাসাগর পেরিয়ে রণতরীটির মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা রয়েছে। এর সঙ্গে একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারও রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যে বর্তমানে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হিসেবেই জর্জ ওয়াশিংটনকে পাঠানো হচ্ছে। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করা লিঙ্কন ইরানসংক্রান্ত মার্কিন সামরিক অভিযানে অংশ নিচ্ছে।
তবে দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে রণতরীটির নৌসেনাদের কর্মপরিবেশ, সরবরাহব্যবস্থা ও মানসিক চাপ নিয়ে সম্প্রতি উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অবশ্য লিঙ্কনের নৌসেনাদের পরিস্থিতি নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছেন।
হেগসেথ বলেন, দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে সৃষ্ট চাপ মোকাবিলায় নৌবাহিনী কাজ করছে। একই সঙ্গে নৌসেনাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
লিঙ্কনের দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যেও উদ্বেগ রয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা রণতরীটির দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং নৌসেনাদের কল্যাণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য ও কার্যকর তদারকির দাবি জানিয়েছেন।
এদিকে জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যমুখী যাত্রাকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত রোটেশনের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এর ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও সামরিক সক্ষমতার ওপরও কিছুটা প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

