যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে।
ইন্ডিয়ানাপোলিসের মধ্য দিয়ে প্রবাহিত হোয়াইট রিভারসহ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে আশপাশের এলাকা প্লাবিত করেছে। শহরের মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু এলাকায় মাত্র দুই দিনে ২৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা। পানিতে ডুবে যাওয়া বাড়িঘর থেকেও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন রাজ্যটিতে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেন। ট্রাম্প ওই অনুরোধ অনুমোদনে সম্মতি দিয়েছেন বলে গভর্নর জানিয়েছেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও ফেডারেল সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নিহতদের মধ্যে ডেলাওয়্যার কাউন্টির ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করার সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জেনিংস কাউন্টিতে গাছ পড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহও উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো থেকে সবাইকে সতর্ক করেছে। অল্প গভীর মনে হলেও প্রবল স্রোতের পানি গাড়িকে সহজেই ভাসিয়ে নিতে বা আটকে দিতে পারে।

