আমেরিকা ও পশ্চিমা বিশ্বের লেজুড়বৃত্তি করেই কেবল ইসরায়েল ইরানের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হতে পারে—এমন কড়া বার্তা দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর উপ-রাজনৈতিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। সূত্র: মেহের নিউজ
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, জায়নবাদী এই শাসকগোষ্ঠীর এককভাবে ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো সামরিক সক্ষমতাই নেই। বিগত ১২ দিনের সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, সেই আগ্রাসনে ইসরায়েলের অংশগ্রহণ কেবল মার্কিন সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল।
ইরানি প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের রূপান্তর আসার কথা উল্লেখ করে এই শীর্ষ কর্মকর্তা জানান, দেশের সর্বোচ্চ নেতার জারি করা সাম্প্রতিক সামরিক নিয়োগগুলো বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ ও পরীক্ষিত কমান্ডারদের শীর্ষ পদে বসানোর মাধ্যমে তেহরান তাদের প্রতিরক্ষামূলক কৌশলকে এখন আক্রমণাত্মক রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি এবং ‘প্রত্যেক ইরানি একজন বাসিজ’—এই দর্শনকে সামনে রেখে শত্রুকে যেকোনো আকস্মিক হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অতীতে শত্রুর ভুল হিসাবের কারণে যুদ্ধ শুরু হলেও বর্তমান পরিস্থিতিতে ইরান আর আগের অবস্থানে নেই।
জাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান কখনো যুদ্ধ শুরু করতে চায় না, তবে চলমান সংঘাতে শত্রুকে কোনো ছাড় দেওয়া হবে না। শত্রুরা অতর্কিত হামলা চালিয়ে ইরানকে অপ্রস্তুত করতে পারবে না বরং তাদেরকেই এখন তেহরানের নতুন কৌশলগত বিস্ময়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

