যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছেন। মানচিত্রটিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা
এর আগে গত সপ্তাহে ইরানের ‘আত্মসমর্পণের’ পর হরমুজ প্রণালিকে আনুষ্ঠানিকভাবে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তাঁর সর্বশেষ এই পোস্টকে সেই অবস্থানেরই নতুন প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের প্রকাশ করা গ্রাফিকটিতে ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালির মানচিত্র দেখানো হয়েছে। প্রণালিটির চারপাশে চিহ্ন দিয়ে তার ওপর ‘NEW U.S. Territory’ লেখা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য ও প্রচারণা চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে বিরোধের মধ্যেই ট্রাম্পের এই পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
হরমুজ প্রণালি বৈশ্বিক তেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে যেকোনো দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের সর্বশেষ অবস্থান তাই মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

