প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সম্ভাব্য’ ভারত সফর নিয়ে রাষ্ট্রপতি ভবনে প্রস্তুতির ইঙ্গিত দিয়ে প্রকাশ করা একটি বিবৃতি প্রত্যাহার করেছে ভারত। শুক্রবার বিকেলের আগেই দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) প্রকাশিত ওই বিবৃতি সরিয়ে নেওয়া হয়।
শুক্রবার ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো দুপুর ২টা ২৫ মিনিটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল। তবে বিকেলের আগেই সেটি প্রত্যাহার করা হয়।
বিবৃতিটি প্রত্যাহারের বিষয়ে ঢাকা বা দিল্লির কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলার কথা জানিয়েছিলেন কর্মকর্তারা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্টের তৃতীয় সপ্তাহে এই সফর হতে পারে।
তবে সফর নিয়ে আলোচনার মধ্যেই গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ায় সফরসংক্রান্ত আলোচনা জটিল হয়ে উঠেছে।

