ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সূত্র: রয়টার্স
তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, ‘আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না।’
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, গত সপ্তাহে ইসরায়েল সিরিয়ার আবু আল দুহুর বিমানঘাঁটিতে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই হামলার পর নিরাপত্তা চুক্তি নিয়ে চলমান আলোচনাও স্থবির হয়ে পড়ে।
আল-শাইবানি বলেন, দামেস্ক আশা করছে শিগগিরই ইসরায়েলের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর ধারাবাহিকভাবে চাপ দিচ্ছে, যাতে দেশটি আলোচনার টেবিলে ফিরে আসে বলেও জানান তিনি।
ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সামরিক শক্তির ওপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এ ধরনের শক্তি প্রয়োগের মাধ্যমে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সফল হয়নি।
তিনি বলেন, ‘ইসরায়েল কঠোর সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির জন্য হাত বাড়িয়ে দিচ্ছে।’
ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। তবে সাম্প্রতিক সামরিক হামলার কারণে দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

