যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বড় ধরনের একটি তেল চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলার প্রমাণিত ৬৫ বিলিয়নের বেশি ব্যারেল তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে এবং দেশটির বাজারে জ্বালানি সরবরাহ বাড়িয়ে গ্যাসের দাম কমানো সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনা করে এ সমঝোতা হয়েছে। এতে সরকারি অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না বলেও দাবি করেন তিনি।
ট্রাম্পের এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম প্রতি গ্যালন ৪ ডলারের ওপরে রয়েছে। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। গত কয়েক মাসে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ এই সংঘাতের কারণে ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে তেলের মজুত কমে যাওয়ার পাশাপাশি জ্বালানির উচ্চমূল্য নিয়ে মার্কিন ভোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষও বাড়ছে।
ট্রাম্পের দাবি, এই চুক্তি যুক্তরাষ্ট্রের তেলের মজুত ‘দ্বিগুণেরও বেশি’ বাড়াবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ নিশ্চিত করে সাধারণ মার্কিন নাগরিকদের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।
চুক্তিটিকে ভেনেজুয়েলার জন্যও বড় সুযোগ হিসেবে তুলে ধরেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি বলেছেন, বিশাল তেলসম্পদকে কাজে লাগিয়ে ভেনেজুয়েলা নিজেদের জ্বালানি উৎপাদনকারী শক্তি হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে চায়। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের আয় বাড়ানো এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির আওতায় একটি নতুন বেসরকারি যৌথ উদ্যোগ গড়ে উঠবে, যেখানে কার্যত ৫৫ শতাংশ উৎপাদনের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। মজুদের দিক থেকে প্রতিষ্ঠানটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল কোম্পানিতে পরিণত হতে পারে বলেও দাবি করা হয়েছে।
মার্কিন সরকারের সমর্থনে ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলোর জন্য ওই বেসরকারি প্রতিষ্ঠানকে ১০০ বছরের কনসেশন দেওয়ার কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র সরকার ও ভেনেজুয়েলার একটি বেসরকারি অপারেটরের যৌথ উদ্যোগে পরিচালিত হবে।
মার্কো রুবিও চুক্তিটিকে দুই দেশের জনগণের জন্য ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, এর মাধ্যমে ভেনেজুয়েলায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আসতে পারে। পাশাপাশি হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে এই উদ্যোগ।
এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনে কাজ করবে। পরে রদ্রিগেজের সমর্থনে ভেনেজুয়েলার আইনপ্রণেতারা বিদেশি কোম্পানিগুলোর জন্য দেশটির তেল খাতে বিনিয়োগের সুযোগ সহজ করতে আইনে পরিবর্তন আনেন।
বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভেনেজুয়েলার প্রমাণিত তেল মজুত সবচেয়ে বেশি। ফলে নতুন এই চুক্তি বাস্তবায়িত হলে শুধু যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জ্বালানি খাতেই নয়, বৈশ্বিক তেলবাজারেও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

