মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরে একটি র্যাঙ্কিং চার্ট প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত তালিকায় জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিংকনের মতো ঐতিহাসিক নেতারাও তাঁর পেছনে অবস্থান করছেন। তবে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মূল্যায়ন ট্রাম্পের এই আত্মমূল্যায়নের সঙ্গে মোটেও মিলছে না।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে চার্টটি শেয়ার করেন ট্রাম্প। এটি তিনি সিএনএনের একটি সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় প্রকাশ করেন। ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পকে তাদের সবচেয়ে পছন্দের রিপাবলিকান প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। এই হিসাবে তিনি রোনাল্ড রিগ্যান ও আব্রাহাম লিংকনের মতো জনপ্রিয় রিপাবলিকান প্রেসিডেন্টদেরও ছাড়িয়ে যান।
তবে ট্রাম্পের নিজের তৈরি তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ। বিশেষ করে তালিকায় রোনাল্ড রিগ্যান ও জর্জ ডব্লিউ বুশের মতো সাম্প্রতিক সময়ের রিপাবলিকান প্রেসিডেন্টদের উল্লেখ না থাকায় প্রশ্ন উঠেছে।
ইতিহাসবিদ ক্রিস্টোফার ডব্লিউ জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেছেন, রিগ্যান বা জর্জ ডব্লিউ বুশকে ট্রাম্পের তালিকায় কোথায় রাখা হয়েছে, তা নিয়ে তিনি কোনো ধারণাই দেননি।
ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে গবেষণা করা মাইক রথশিল্ড আরও কটাক্ষ করে বলেছেন, ট্রাম্পের প্রকাশ করা চার্টটি মূলত ১৯৪৮ সালের ‘লাইফ ম্যাগাজিন’-এর একটি তালিকার আদলে তৈরি। তাঁর দাবি, ট্রাম্প সেখানে নিজের নাম সবার ওপরে বসিয়েছেন এবং যেসব ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে পছন্দ করেন না, তাদের নিচের দিকে সরিয়ে দিয়েছেন।
ট্রাম্পের আত্মমূল্যায়নের সঙ্গে বিশেষজ্ঞদের অবস্থানের পার্থ্যক্য অবশ্য নতুন নয়। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মাইকেল বেইলি সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ঐতিহ্য ও সুনামের ওপর ট্রাম্পের শাসনামলে যে মাত্রায় ক্ষতি হয়েছে, তার নজির আগে দেখা যায়নি।
২০২৪ সালে ইতিহাসবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীদের করা একটি জরিপেও ট্রাম্পকে মার্কিন প্রেসিডেন্টদের তালিকার একেবারে শেষ দিকে রাখা হয়েছিল। সেই জরিপে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ১৪তম অবস্থানে ছিলেন।
জনমতেও ট্রাম্প খুব শক্ত অবস্থানে নেই। সাম্প্রতিক সময়ে তাঁর জনপ্রিয়তার হার প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নিজের প্রকাশ করা র্যাঙ্কিংয়ে ট্রাম্পের শীর্ষস্থান বেছে নেওয়া রাজনৈতিক মহলে আরও আলোচনার জন্ম দিয়েছে।
ইতিহাস নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য তাঁর দ্বিতীয় মেয়াদে আরও দৃশ্যমান হয়েছে। হোয়াইট হাউসে তিনি ‘ওয়াক অব ফেম’ চালু করেছেন, যেখানে সাবেক প্রেসিডেন্টদের প্রতিকৃতি ও তাঁদের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়েছে।
তবে এসব বিবরণ নিয়েও ইতিহাসবিদদের আপত্তি রয়েছে। তাঁদের অভিযোগ, বিভিন্ন স্মারকফলকে থাকা তথ্য অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট এবং ঐতিহাসিকভাবে নির্ভুল নয়। হোয়াইট হাউসের পক্ষ থেকেও বলা হয়েছে, এসব লেখার কিছু অংশ ট্রাম্প নিজেই তৈরি করেছেন।
এক ইতিহাসবিদ স্মারকফলকের লেখার গবেষণার মান নিয়ে তীব্র সমালোচনা করে সেটিকে অন্যের ছবিতে গোঁফ এঁকে দেওয়ার সঙ্গে তুলনা করেছেন।
শুধু নিজের পছন্দের ইতিহাস সামনে আনা নয়, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাঁর দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক ঐতিহাসিক তথ্য সরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বর্ণবাদ ও বৈষম্যের ইতিহাস তুলে ধরে এমন কিছু ফলক ও উপাদান জাতীয় ঐতিহাসিক স্থান থেকে সরানোর ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এ ছাড়া ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন তথ্য শনাক্ত ও অপসারণের উদ্দেশ্যে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের কার্যক্রম পর্যালোচনার নির্দেশও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে, নিজেকে ইতিহাসের সেরা প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার ট্রাম্পের এই চার্ট তাঁর সমর্থকদের মধ্যে প্রশংসা পেলেও ইতিহাসবিদ ও বিশেষজ্ঞদের মূল্যায়নের সঙ্গে এর বড় ধরনের ফারাকই সামনে এসেছে।

