নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এসব তথ্য জানিয়েছেন।
পুলিশের হিসাব অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। তাঁদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ ও ২৬৪ জন নারী। অন্যদিকে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৪৯৯ জন।
উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী এবং ২০ জন কিশোর রয়েছেন। এর পাশাপাশি ২১১টি আংশিক মানবদেহাবশেষও উদ্ধার করা হয়েছে। শনাক্ত হওয়া ২০টি মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যার পর থেকে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে বিপদগ্রস্ত ২ হাজার ৩০১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী।
এদিকে বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তবে ধাদিং জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা বাস্তুচ্যুতদের সবাইকে ইতোমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
নিখোঁজদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ শনাক্ত করতে নেপালের বিভিন্ন এলাকায় এখনো বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। দুর্গম এলাকাগুলোতে অভিযান যত এগোবে, হতাহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

