ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার একটি সরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর প্রাণ হারিয়েছেন এক তরুণী মা ও তার নবজাতক সন্তান। মৃত্যুর ঠিক আগমুহূর্তে ধারণ করা তার কান্নাজড়িত ও অসহায় অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, এভাবে চিকিৎসা চলতে থাকলে তিনি বাঁচবেন না। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ২৫ বছর বয়সী এই নারীর নাম কল্পনা মিশ্র।
জানা গেছে, প্রথম সন্তান জন্ম দিতে গত ২৫ আগস্ট রাতে তাকে রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন রাতে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন, তবে এর কিছুক্ষণের মধ্যেই তার এবং নবজাতকের মৃত্যু হয়।
মৃত্যুর আগে ধারণ করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালের নারী ওয়ার্ডে কাঁদতে কাঁদতে চিৎকার করছেন কল্পনা, বারবার চেষ্টা করছেন স্বজনদের কাছে পৌঁছাতে ও হাসপাতাল থেকে বেরিয়ে যেতে, যদিও কয়েকজন নার্স তাকে সেখানে আটকে রাখার চেষ্টা করছিলেন। ভিডিওতে তাকে বারবার নিজের জীবন রক্ষার আকুতি জানাতেও শোনা যায়।
কল্পনার পরিবারের অভিযোগ, তার শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালের চিকিৎসকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেননি। তার বাবা রামশরণ মিশ্রের দাবি, তিনি বারবার চিকিৎসকদের কাছে মেয়ের অবস্থা পর্যবেক্ষণের অনুরোধ জানালেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। পরিবারের আরও অভিযোগ, অ্যানেসথেসিয়া প্রয়োগের পর কল্পনার আর জ্ঞান ফেরেনি, এবং অতিরিক্ত মাত্রায় অ্যানেসথেসিয়া দেওয়া হয়েছিল কিনা, সে বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।
মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কল্পনার বাবা, যিনি সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে।
ঘটনার পরপরই কল্পনার স্বজনরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। প্রায় চার ঘণ্টা ধরে হাসপাতাল এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, যার পর মরদেহের ময়নাতদন্তে সম্মতি দেয় পরিবার।
এই ঘটনার জেরে দায়িত্বে থাকা দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। তদন্তে কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, পরিবারের সব অভিযোগ খতিয়ে দেখা হবে, বিশেষত অ্যানেসথেসিয়া প্রয়োগের পর কেন রোগীর জ্ঞান ফেরেনি, সেটিও তদন্তের আওতায় থাকবে। তবে হাসপাতালের অপর একজন দায়িত্বশীল কর্মকর্তা চিকিৎসায় অবহেলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই চিকিৎসা দেওয়া হয়েছিল এবং কোনো ধরনের গাফিলতি হয়নি।
এই মর্মান্তিক ঘটনার পেছনে মধ্যপ্রদেশের সরকারি স্বাস্থ্যব্যবস্থার তীব্র জনবল সংকটের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে অনুমোদিত বিশেষজ্ঞ চিকিৎসকের পদের প্রায় ৭২ শতাংশই খালি পড়ে আছে—৫ হাজারের বেশি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দেড় হাজারের কিছু বেশি চিকিৎসক। একই ধরনের সংকট রয়েছে সাধারণ মেডিকেল অফিসারদের ক্ষেত্রেও, যেখানে সাড়ে ছয় হাজারের বেশি অনুমোদিত পদের প্রায় ৪১ শতাংশই খালি। বিশ্লেষকদের মতে, এ ধরনের চিকিৎসক সংকটই প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবার মান নিয়ে বারবার প্রশ্ন তুলে দিচ্ছে।

