নেপালে ভয়াবহ বন্যায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে শিক্ষা খাত। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পর দুই শতাধিক স্কুলশিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ছাড়া প্রায় ২০ জন শিক্ষার্থী পানির স্রোতে ভেসে গেছে বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও সাতটি স্কুল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।
দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নিখোঁজ শিক্ষার্থীদের বেশিরভাগই বন্যাকবলিত রাসুয়া ও নুওয়াকোট জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। ভয়াবহ বন্যায় এসব স্কুলের কয়েকটি পানিতে ডুবে গেছে, আবার কোনো কোনো প্রতিষ্ঠান মাটির নিচে চাপা পড়েছে।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে একটি স্কুলের শিক্ষার্থীদের বহনকারী বাস বন্যার পানিতে ভেসে যাওয়ার ঘটনায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক নিখোঁজ হয়েছেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।
নিখোঁজ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। দুর্গম এলাকা ও ভয়াবহ বন্যার কারণে উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি বিপুলসংখ্যক শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় দেশটির শিক্ষা খাতেও তৈরি হয়েছে গভীর উদ্বেগ। নিখোঁজদের সন্ধানে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

