ভারতের উত্তরপ্রদেশের কোশাম্বী জেলায় একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে কোশাম্বীর পিসরি থানার মনোরি গ্রামের একটি আতশবাজির কারখানায় এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ধরে যায় এবং একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে।
কোশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, বিস্ফোরণে আহতদের দ্রুত উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সবাই কারখানার আশপাশের এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানাটি পুরোপুরি ধসে পড়ে। পাশাপাশি আশপাশের পাঁচ থেকে ছয়টি বাড়িও বিস্ফোরণের ধাক্কায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় মনোরি পাওয়ার হাউসের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাওয়া দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
দুর্ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে আজমির-শিয়ালদহ এক্সপ্রেসকে ঘুরিয়ে মনোরি রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়। একইভাবে দিল্লি থেকে বারাণসীগামী বন্দে ভারত এক্সপ্রেসকে দুর্ঘটনাস্থলের আগের স্টেশন সাইয়াদ সারওয়ানে থামিয়ে দেওয়া হয়।
বিস্ফোরণের ভয়াবহতায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

