ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালে বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকায় একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ নেপালে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
টানা প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ত্রিশুলি-থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান ষষ্ঠ দিনের মতো স্থগিত রয়েছে। একই এলাকার ত্রিশুলি-থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ শ্রমিকও এখনো নিখোঁজ।
ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং বিরূপ আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। ফলে ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযানও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে পরিস্থিতির উন্নতির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

