যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানেই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ও এর পরিধি আরও বৈচিত্র্যময় করার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি আগামী দিনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহের কথাও জানান তিনি।
তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছরে ভারত-ইরান বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭০৩ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে মাত্র ১৬৩ কোটি ডলারে।
এদিকে নিষেধাজ্ঞা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি তারা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি উদ্যোগও চালু করেছে।
এ পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেন, ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি ভারত পর্যালোচনা করছে। বর্তমানে দুই দেশের মধ্যে যে বাণিজ্য চলছে, তার বড় অংশই বেসরকারি খাতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের মতো করে মূল্যায়ন করতে হবে।
বৈঠকে চাবাহার বন্দরের বিষয়টিও গুরুত্ব পায়। ভারতের পররাষ্ট্র সচিব জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে বন্দরটির কার্যক্রম টেকসইভাবে চালিয়ে নিতে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাতেও উদ্বেগ জানান মোদি। তার মতে, আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক পথেই বিরোধের সমাধান করা সম্ভব। সংঘাতের মধ্যে অন্তত ১৩ জন ভারতীয় নাবিক নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার একমাত্র কার্যকর পথ হলো কূটনীতি।
বৈঠকের শেষ পর্যায়ে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে পেজেশকিয়ানকে ভারতে সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। ফলে মার্কিন চাপের মধ্যেও ভারত-ইরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার একটি স্পষ্ট বার্তা পাওয়া গেল এই বৈঠক থেকে।

