কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্র মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার বিকল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, প্রণালির একটি ‘অবৈধ পথ’ দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কার দুটিকে থামতে হয় এবং সেগুলোর কর্মীদের সরিয়ে নেওয়ার পর জাহাজগুলো মার্কিন পরিচালকদের হাতে তুলে দেওয়া হয়।
আইআরজিসির নৌবাহিনী এর আগে মাইনযুক্ত এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
‘অবৈধ পথে’ চলাচলের অভিযোগ
আইআরজিসি বলেছে, যেসব শিপিং কোম্পানি আইনগত পথ অনুসরণ না করে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় পড়ে ‘শত্রুভাবাপন্নদের’ হাতে নিজেদের জাহাজ তুলে দিয়েছে, তাদের জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থা খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। ইরান এর আগে প্রণালির উত্তরাঞ্চলীয় একটি পথকে অনুমোদিত রুট হিসেবে ঘোষণা করেছিল এবং অনুমতি ছাড়া অন্য পথে চলাচলকে ‘অগ্রহণযোগ্য ও অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করেছিল।
বর্তমান সংঘাতের মধ্যে হরমুজে মাইন ব্যবহারের আশঙ্কাও ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র এর আগে ইরানের মাইন পাতা ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে। তবে প্রণালিতে ঠিক কত এলাকায় মাইন রয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা কঠিন।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপরও বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

