ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক নৌপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রণালিটির নতুন নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথা বলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন যখন এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তখন আমাদের কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত? আমেরিকার মতোই এটি আগের যেকোনো সময়ের চেয়ে বেশ উত্তপ্ত হবে।’
ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য এবারই প্রথম নয়। এর আগে গত সপ্তাহে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে তিনি লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। এরও আগে, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার সিদ্ধান্ত নেন তিনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার হুমকি দিয়ে আসছেন। এমনকি প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের জবাবে ইরান নৌপথটি কার্যত অবরুদ্ধ করে রেখেছে।
ট্রাম্পের দাবি, ইরান নতুন করে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করছে। এর জেরে মঙ্গলবার মার্কিন বাহিনী প্রণালিটির কাছে আবারও বিমান হামলা চালিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও ফের বেড়ে গেছে।
যুদ্ধ ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

