যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে।
আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হয়েছে।
চলতি সপ্তাহে ব্রেন্ট তেলের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। গত ২০ জুলাইয়ের পর এক সপ্তাহে এটিই উভয় ধরনের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়লে তেল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন তৈরি হতে পারে। এমন আশঙ্কাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

