অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল। কিন্তু দেশটির ৭৮ বছরের ইতিহাসে এবারই প্রথম বড় ধরনের সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের উপকূলে দ্রুত ছড়িয়ে পড়া অতি ক্ষুদ্র শৈবালের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে দেশটির অধিকাংশ লবণ পানি শোধনাগার।
ইসরায়েলের জাতীয় পানি সরবরাহকারী প্রতিষ্ঠান মেকোরোট জানিয়েছে, ভূমধ্যসাগর উপকূলে থাকা ছয়টি লবণ পানি শোধনাগারের মধ্যে পাঁচটি গত রোববার বন্ধ হয়ে যায়। কয়েকটি বেসরকারি শোধনাগার আংশিকভাবে চালু করা হলেও এক-দুই দিনের মধ্যেই সেগুলো আবার বন্ধ করতে হয়। বৃহস্পতিবার পর্যন্ত মাত্র একটি বেসরকারি শোধনাগার পূর্ণ সক্ষমতায় চালু ছিল।
ইসরায়েলের পানির সংকটের বড় কারণ দেশটির ভৌগোলিক ও জলবায়ুগত বাস্তবতা। শুষ্ক জলবায়ুর এই দেশে বড় কোনো নদী নেই, পর্যাপ্ত বৃষ্টিপাতও হয় না। ফলে সুপেয় পানির জন্য দেশটি অনেকটাই লবণাক্ত সমুদ্রের পানি শোধনের ওপর নির্ভরশীল।
উন্নত প্রযুক্তির মাধ্যমে পানি ব্যবস্থাপনায় ইসরায়েল অবশ্য অনেক দূর এগিয়েছে। বর্তমানে দেশটির মোট সুপেয় পানির অন্তত ৬৫ শতাংশ আসে ভূমধ্যসাগরের উপকূলে থাকা ছয়টি লবণ পানি শোধনাগার থেকে। কিন্তু অতি ক্ষুদ্র শৈবালের বিস্তারে এসব শোধনাগারের পাঁচটিই এখন বন্ধ।
মেকোরোটের মুখপাত্র লিওর গুটম্যান পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে বলেছেন, ইসরায়েলে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে ইসরায়েল উপকূলের প্রায় ১৯ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই ক্ষুদ্র শৈবাল। বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পানি গবেষণাবিষয়ক অধ্যাপক ইদো বার-জিভ জানান, সপ্তাহের শুরুতে উপকূলজুড়ে হঠাৎ বিপুল পরিমাণ দূষিত উপাদান দেখা যায়। পরীক্ষা করে পরে নিশ্চিত হওয়া যায়, সেগুলো আসলে মাইক্রোঅ্যালগি বা অতি ক্ষুদ্র শৈবাল।
বার-জিভের ভাষ্য, এসব শৈবাল সূর্যের আলো, কার্বন ডাই-অক্সাইড এবং পানিতে থাকা পুষ্টি উপাদান ব্যবহার করে খুব দ্রুত বংশবিস্তার করতে পারে। তাঁর ধারণা, এর বিস্তার শুরু হয়েছে মিশরের নীল নদের বদ্বীপ এলাকা থেকে। পরে সমুদ্রের স্রোতের সঙ্গে ভেসে এগুলো ইসরায়েল উপকূলে পৌঁছেছে।
গত ২০ বছর ধরে উপকূলের পানির মান পর্যবেক্ষণ করছেন বার-জিভ। তিনি বলেন, তাঁর পুরো কর্মজীবনে এত বড় পরিসরে এমন ঘটনা এই প্রথম দেখলেন।
ইসরায়েলের লবণ পানি শোধনাগারগুলোতে পানি পরিশোধনের জন্য ‘রিভার্স অসমোসিস’ প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রথমে পানিকে প্রাক-পরিশোধনের মাধ্যমে বড় দূষিত উপাদান সরিয়ে নেওয়া হয়। এরপর উচ্চচাপে বিশেষ ঝিল্লির মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এসব ঝিল্লি লবণ, ব্যাকটেরিয়া ও অন্যান্য দূষিত পদার্থ আটকে রেখে পরিষ্কার পানি আলাদা করে।
কিন্তু শৈবালের ব্যাপক বিস্তার এই প্রক্রিয়াতেই বড় সমস্যা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট সেন্টারের পরিচালক মাইকেল ক্রিস্টোফার লো বলেন, শৈবাল এবং সেগুলো থেকে নিঃসৃত পদার্থ শোধনাগারের মেমব্রেন বা ঝিল্লি ক্ষতিগ্রস্ত করতে পারে। পানিতে ভাসমান উপাদানের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে শোধনাগারের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
গ্রীষ্মকাল হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। মেকোরোটের মুখপাত্র গুটম্যান জানান, বছরের অন্য সময়ের তুলনায় গ্রীষ্মেই ইসরায়েলে পানির চাহিদা সবচেয়ে বেশি থাকে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন কৃষকেরা, কারণ সেচের জন্য তাদের বিপুল পরিমাণ পানি প্রয়োজন।
এদিকে শৈবালের কারণে সৃষ্ট বর্তমান সংকটের চেয়েও ভবিষ্যতের ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। অধ্যাপক বার-জিভ বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলকে এখন থেকেই নতুন উপায় খুঁজে বের করতে হবে। তাঁর সতর্কবার্তা, এই ঘটনা জীবনে একবারই ঘটবে—এমন নিশ্চয়তা নেই। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে।
উন্নত প্রযুক্তিনির্ভর পানি শোধন ব্যবস্থাও যে পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়, বর্তমান পরিস্থিতি তা আবার সামনে এনেছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সামরিক হামলা এবং সাইবার হামলাও শোধনাগারগুলোর জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের কয়েকটি পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু স্থাপনা সাইবার হামলারও শিকার হয়। যুদ্ধের সময় সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা পানি শোধন ব্যবস্থার জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
বার-জিভের মতে, শৈবালের চেয়ে শোধনাগারের আশপাশে তেল ছড়িয়ে পড়লে পরিস্থিতি অনেক বেশি ভয়াবহ হবে। এতে শোধনাগারগুলো পুরোপুরি অচল হয়ে যেতে পারে। তাঁর দৃষ্টিতে, ভবিষ্যতের জন্য এটিই শৈবালজনিত বর্তমান সংকটের চেয়ে বড় উদ্বেগের বিষয়।

