শহরের বড় বড় ডিজিটাল স্ক্রিন কিংবা বিলবোর্ডে সাধারণত চোখে পড়ে সিনেমার তারকা, জনপ্রিয় কোনো মুখ অথবা নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে সম্প্রতি চীনের কয়েকটি শহরে দেখা গেছে একেবারেই ভিন্ন চিত্র। বাণিজ্যিক বিজ্ঞাপনের জায়গা দখল করে বড় বড় স্ক্রিন ও বিলবোর্ডে উঠে এসেছে বিজ্ঞানীদের মুখ—যাঁদের পরিচিতি এতদিন মূলত পাঠ্যবই, গবেষণাগার কিংবা বৈজ্ঞানিক মহলেই সীমাবদ্ধ ছিল।
হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে বিশাল পোস্টারে দেখা গেছে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পথিকৃৎ ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াসিয়েনকে। একইভাবে বিভিন্ন শহরের জনপরিসরে স্থান পেয়েছেন সংকর ধান প্রযুক্তির পথিকৃৎ ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী তু ইউইউ।
বিজ্ঞানীদের নিয়ে এই প্রচারণার শুরু শানডং প্রদেশে। পরে তা ছড়িয়ে পড়ে হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া, জিয়াংসি এবং অন্যান্য অঞ্চলেও। এর মূল লক্ষ্য বিজ্ঞানী ও তাঁদের গুরুত্বপূর্ণ অবদানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং তাঁদের জাতীয় পর্যায়ের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা।
বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতি সম্মান প্রদর্শনের এই সংস্কৃতি চীনে অবশ্য নতুন নয়। দেশটির ইতিহাসে বিজ্ঞানী ও গবেষকদের জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরার নজির রয়েছে। তবে এবারের উদ্যোগটি আন্তর্জাতিক সামাজিক মাধ্যমেও বিশেষভাবে নজর কেড়েছে। কারণ সাধারণত যেখানে সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব কিংবা বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখা যায়, সেখানেই এবার জায়গা করে নিয়েছেন বিজ্ঞানীরা।
এর মধ্য দিয়ে চীন যেন একটি ভিন্ন বার্তাই দিচ্ছে—সমাজে আদর্শ বা অনুকরণীয় ব্যক্তি শুধু বিনোদন জগতের তারকা কিংবা জনপ্রিয় মুখ নন; গবেষণাগারে নতুন কিছু আবিষ্কার করা বিজ্ঞানীও হতে পারেন একজন জাতীয় নায়ক।
প্রশ্নটা তাই বাংলাদেশের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। আমাদের শহরের বিলবোর্ডে বিজ্ঞানী ও গবেষকদের কতটা দেখা যায়? নতুন প্রজন্মের সামনে তাঁদের কতটা রোল মডেল হিসেবে তুলে ধরা হয়? বিলবোর্ড তো দূরের কথা, বিজ্ঞানী ও গবেষকদের অবদানকে আমরা আদৌ কতটা সামাজিক স্বীকৃতি ও জনপরিসরে দৃশ্যমানতা দিতে পারছি?

