যুক্তরাষ্ট্র ভ্রমণে ইচ্ছুকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করে জানানো হয়েছে দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পাতা থেকে।
মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কাজ, ভ্রমণ, অবকাশযাপন, চিকিৎসা সেবা নেওয়া এবং কিছু নির্দিষ্ট অস্থায়ী উদ্দেশ্যেই এই ভিসা ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ শনিবার প্রকাশিত এই ঘোষণায় নিষিদ্ধ কার্যক্রমের একটি তালিকাও তুলে ধরা হয়েছে।
দূতাবাসের বার্তা অনুযায়ী, এই ভিসায় সবচেয়ে বড় নিষেধাজ্ঞাগুলোর একটি হলো কেবল নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া, যা সাধারণত ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত। পাশাপাশি এই ভিসা নিয়ে কোনো মার্কিন প্রতিষ্ঠান বা ব্যক্তির অধীনে চাকরি করাও সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া পারিশ্রমিকের বিনিময়ে যেকোনো ধরনের বেতনভুক্ত কাজে যুক্ত হওয়াও এই ভিসার আওতায় অনুমোদিত নয় বলে জানানো হয়েছে। একইভাবে, ডিগ্রি অর্জন বা প্রাতিষ্ঠানিক একাডেমিক ক্রেডিট পাওয়ার লক্ষ্যে কোনো নিয়মিত শিক্ষাক্রমে ভর্তি হওয়াও এই ভিসার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক, ফলে তা করার সুযোগও নেই।
দূতাবাসের এই ঘোষণায় ভ্রমণকারীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর আগেই বি১/বি২ ভিসার আওতায় কোন কাজগুলো করা যাবে আর কোনগুলো করা যাবে না, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া উচিত। ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে ভিসা প্রাপ্তি বা যুক্তরাষ্ট্র ভ্রমণে জটিলতা তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

