চীন ও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের মধ্যে বাণিজ্যে সহায়তার অভিযোগে তুরস্কের একটি বিনিয়োগ ব্যাংক ও এর দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুলভিত্তিক গোল্ডেন গ্লোবাল ইয়াতিরিম ব্যাংকাসি এবং এর দুটি সহযোগী প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
মার্কিন ট্রেজারির অভিযোগ, তুরস্কের এই ব্যাংক ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ নেটওয়ার্ককে চীন থেকে তুরস্কে তেল বিক্রির অর্থ স্থানান্তরে সহায়তা করেছে। পরে ওই অর্থ নগদ ও স্বর্ণে রূপান্তরের সুযোগ তৈরি করা হতো বলেও দাবি করেছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অব্যাহত থাকবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রতি সবশেষ নিষেধাজ্ঞা একটি ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী সপ্তাহে আরও একটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেসেন্ট।
তবে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে তুর্কি ব্যাংকটি। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং বিধিবিধান মেনে কার্যক্রম পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞার সিদ্ধান্তে উল্লেখ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো লেনদেন ছিল না বলেও দাবি করেছে ব্যাংকটি।
বিশ্লেষকদের মতে, ন্যাটোর সদস্য তুরস্কের একটি ব্যাংককে লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের বর্তমান ইরানবিরোধী ‘চাপ প্রয়োগ’ অভিযানে এবারই প্রথম কোনো ন্যাটো মিত্র দেশের একটি ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ল।

