বিশেষ স্কিমের মাধ্যমে দেশে বিপুল পরিমাণ ডলার প্রবাহিত হওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও নতুন রেকর্ড গড়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৭৪০ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।
এর আগের সপ্তাহে, অর্থাৎ ২১ আগস্ট ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৭২৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। ফলে এক সপ্তাহেই রিজার্ভ বেড়েছে প্রায় ১১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
এ নিয়ে টানা নয় সপ্তাহ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল। এই নয় সপ্তাহে দেশটির রিজার্ভ বেড়েছে প্রায় ৭৫ বিলিয়ন ডলার।
ডলার প্রবাহ বাড়াতে গত জুনে বিশেষ কিছু উদ্যোগ নেয় ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর বিদেশি ঋণের জন্য কম খরচে হেজিং সুবিধা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাংকগুলো যাতে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ করতে পারে, সে জন্য বিনা খরচে হেজিং সুবিধাও চালু করা হয়।
আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে এসব বিশেষ ব্যবস্থার আওতায় ১৩৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ এসেছে। এর মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলার এসেছে অনাবাসী ভারতীয়দের (এনআরআই) আমানত থেকে।
বৈদেশিক মুদ্রার এই বড় প্রবাহ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের হাতে পর্যাপ্ত স্পট বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি করবে। বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির এক বিশ্লেষণী নোটে বলা হয়েছে, এই রিজার্ভ প্রয়োজন অনুযায়ী ভারতীয় রুপির স্থিতিশীলতা ধরে রাখতে কিংবা রুপিকে আরও শক্তিশালী করতে ব্যবহার করা যেতে পারে।
এদিকে ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্য ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৩৭৭৫।
রিজার্ভের প্রধান উপাদানগুলোর মধ্যে ২৮ আগস্ট ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার, যা আগের সপ্তাহে ছিল ৫৯১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। স্বর্ণের রিজার্ভ বেড়ে হয়েছে ১১৬ দশমিক ৪০৯ বিলিয়ন ডলার, আগের সপ্তাহে যা ছিল ১১৪ দশমিক ২১৮ বিলিয়ন ডলার।
এ ছাড়া স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮১০ বিলিয়ন ডলার, যা আগের সপ্তাহে ছিল ১৮ দশমিক ৮৫২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারতের রিজার্ভ ট্রাঞ্চ পজিশন দাঁড়িয়েছে ৪ দশমিক ৯১৪ বিলিয়ন ডলার, আগের সপ্তাহে যা ছিল ৪ দশমিক ৯২৫ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে ২৮ আগস্ট সপ্তাহ শেষে ভারতের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৭৪০ দশমিক ৮০৩ বিলিয়ন ডলার। এক সপ্তাহ আগে এই পরিমাণ ছিল ৭২৯ দশমিক ৩২৮ বিলিয়ন ডলার।
বৈদেশিক মুদ্রার সম্পদের হিসাব ডলারে প্রকাশ করা হলেও এতে ভারতের রিজার্ভে থাকা অন্যান্য মুদ্রার মূল্য ওঠানামার প্রভাবও অন্তর্ভুক্ত থাকে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাবের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারতের রিজার্ভ ট্রাঞ্চ পজিশনও অন্তর্ভুক্ত রয়েছে।

