কলকাতার নিউ মার্কেটের পর এবার ঠাকুরপুকুর এলাকাতেও আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। বিশেষ করে ক্যান্সারের চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের স্বজনদের অনেকেই থাকার জায়গা না পেয়ে হাসপাতালের আশপাশের ফুটপাত কিংবা দোকানের শেডের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।
কলকাতার ঠাকুরপুকুরে অবস্থিত ডা. সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যা সাধারণভাবে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বাংলাদেশ থেকে নিয়মিত বহু রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।
কিন্তু অগ্নিনিরাপত্তার ঘাটতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ঠাকুরপুকুর এলাকার অধিকাংশ আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা পড়েছেন বড় ধরনের আবাসন সংকটে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালের বাইরে গিয়ে দেখা যায়, ফুটপাত ও বিভিন্ন দোকানের শেডের নিচে রোগী ও তাঁদের স্বজনদের অনেকে অবস্থান করছেন। কেউ বসে রাত কাটানোর চেষ্টা করছেন, আবার কেউ মশার উপদ্রব ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সেখানেই শুয়ে পড়েছেন।
এক বাংলাদেশি নারী বলেন, ‘এখানে মশা-মাছির অনেক উপদ্রব। শৌচাগারেরও কোনো ব্যবস্থা নেই। সীমান্ত পার হয়ে ভারতে আসার পর কেউ আমাদের এই সমস্যার কথা জানায়নি। এখানে এসে এত টাকা-পয়সা খরচ করার পর এখনই ফিরে যাওয়াও সম্ভব নয়। হোটেলে থাকার সব ব্যবস্থা থাকলেও তারা আমাদের রাখতে চাইছে না।’
ক্যান্সারে আক্রান্ত আরেক নারী জানান, গত দুই দিন তিনি কলকাতার পিজি হাসপাতালের সামনে একটি হোটেলে ছিলেন। কিন্তু সেখান থেকে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল অনেক দূরে হওয়ায় প্রতিদিন যাতায়াত করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না। পরে কাছাকাছি থাকার জায়গা না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান করতে হচ্ছে।
তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ একদিন থাকার সুযোগ দিয়েছিল, পরে বের করে দেয়। পুলিশকে জানালেও তারা এখানে থাকতে নিষেধ করেছে। স্থানীয় সরকারের কাছে আমাদের প্রত্যাশা, অন্তত রোগীদের কথা বিবেচনা করে গেস্ট হাউসগুলো খুলে দেওয়া হোক।’
পরিস্থিতির মানবিক দিক বিবেচনায় গত কয়েকদিন ধরে রোগী ও তাঁদের স্বজনদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষ। নিজেদের সীমিত পরিকাঠামো ও সামর্থ্যের মধ্যে কিছু বাংলাদেশি রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে থাকার ব্যবস্থা করেছে হাসপাতালটি।
বিষয়টি নিয়ে বুধবার কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন হাসপাতালের পরিচালক ডা. অর্ণব গুপ্ত। এর পরদিন বৃহস্পতিবার বিকেলে মিশনের কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান। তাঁরা হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকের পাশাপাশি চিকিৎসাধীন বাংলাদেশি রোগী এবং হাসপাতাল চত্বরে সাময়িক অবস্থান করা তাঁদের স্বজনদের সঙ্গেও কথা বলেন।
এ সময় মিশনের কর্মকর্তারা হোটেল সমস্যায় পড়া বাংলাদেশি রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সহযোগিতার আশ্বাস দেন।
তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে হাসপাতাল কর্তৃপক্ষও জায়গার সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছে মিশন। এতে ভবিষ্যতে বাংলাদেশি রোগীদের হাসপাতালে ভর্তি নেওয়া কঠিন হয়ে যেতে পারে। এমনকি বাংলাদেশি নাগরিকদের ভিসা অনুমোদনের ক্ষেত্রেও ভারতীয় কর্তৃপক্ষ কঠোর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে রোগী ও তাঁদের স্বজনদের কাছাকাছি কোনো হোটেলে থাকার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে মিশন। এ জন্য কয়েকটি হোটেলের তালিকাও দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
কিন্তু রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, মিশনের দেওয়া তালিকায় থাকা হোটেলগুলোর সঙ্গে যোগাযোগ করেও অনেক ক্ষেত্রে থাকার জায়গা মিলছে না। কোনো হোটেল জানিয়েছে কক্ষ খালি নেই, আবার কোনো প্রতিষ্ঠান বলেছে তারা বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা করে না। কয়েকটি হোটেল কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের চাপের কথাও জানিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
ফলে বৃহস্পতিবার বিকেলে মিশন কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরও রাতে থাকার ব্যবস্থা করতে পারেননি অনেকে। শেষ পর্যন্ত তাঁদের অনেককেই হাসপাতালের আশপাশের ফুটপাতেই রাত কাটাতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরপুকুর এলাকায় আবাসিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে প্রায় ৩৫টি। এর প্রায় সবই বর্তমানে বন্ধ। হোটেল মালিকদের দাবি, পুলিশ প্রশাসনের নির্দেশনার কারণেই তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে।
এর আগে গত ১৯ আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর আবাসিক হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে কঠোর অবস্থান নেয় পশ্চিমবঙ্গ সরকার। নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ মার্কেটসহ মধ্য কলকাতার একাধিক হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত কলকাতায় প্রায় চার শতাধিক হোটেলে তালা ঝুলেছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটক এবং চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী ও তাঁদের স্বজনরাও নতুন করে আবাসন সংকটে পড়েছেন।
চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে কলকাতায় যাওয়া মানুষদের জন্য এই আবাসন সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। বিশেষ করে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি নিরাপদ ও পরিচ্ছন্নভাবে থাকার সুযোগ না থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

